ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ৩ জুন ২০২৬ দুপুর ০২:৩৬:১৯
দায়িত্ব বাড়ার গুঞ্জনে যা বললেন শামা ওবায়েদ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে আলোচনা-জল্পনা চলছে। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেতৃত্বে কোনো পরিবর্তন এলে তার দায়িত্ব বাড়তে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেই খুশি আছি।’বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে যদি নিবেদিতভাবে ওনার এই কাজটা করতে হয় (জাতিসংঘের সভাপতির কাজ) তাহলে ওখানে (জাতিসংঘে) সময় দিতেই হবে। তারে মানে এই নয় যে, উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। আমি মনে করি, এটা ওনাদের দুজনের (প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী) সিদ্ধান্তে হবে।পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক বছরের ছুটি নিচ্ছেন কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সেটা উনি (খলিলুর রহমান) সিদ্ধান্ত নেবেন। আর সেটা নিশ্চয় আপনারা জানবেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অবর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর জন্য একজন ভারপ্রাপ্ত মন্ত্রী সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমি এ ব্যাপারে অবগত নই, আমি কিছুই জানি না। আমি মনে করি, এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ওনার সুদৃঢ় নেত্বেত্বে যখন আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে চলবে তিনি সিদ্ধান্ত নেবেন, সমস্যা নেই।
দায়িত্ব আপনার ওপর আসতে পারে? এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদের স্পষ্ট জবাব, ‘আমি কিছুই জানি না। আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি।’