নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ জুন ২০২৬ দুপুর ০১:০৫:৪১
রামিসা হত্যা মামলা: রায়কে স্বাগত জানাল জনতা
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছেন আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ, আইনজীবীরা। আলোচিত এই মামলার রায় ঘোষণার পর আদালত চত্বরে স্বস্তি, আবেগ ও প্রতিক্রিয়ার মিশ্র এক পরিবেশের সৃষ্টি হয়।রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আদালত সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানাও করেন।সকাল ১১টায় বিচারক এজলাসে বসে রায় পাঠ শুরু করেন। প্রায় ৪০ মিনিট ধরে রায়ের বিভিন্ন অংশ পাঠ করার পর বেলা ১১টা ৪০ মিনিটে চূড়ান্ত আদেশ ঘোষণা করা হয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালতকক্ষে উপস্থিত অনেকেই সন্তোষ প্রকাশ করেন।রায়ের সময় কাঠগড়ার দৃশ্য ছিল বেশ তাৎপর্যপূর্ণ। মুখে মাস্ক পরা সোহেল রানা দেয়ালে হেলান দিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে তার পাশে বসে থাকা স্বপ্না আক্তারকে অঝোরে কাঁদতে দেখা যায়। আদালতের রায় শোনার পরও সোহেলের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।তবে উপস্থিত জনতার দাবি, এখন শুধু একটাই আশা—দ্রুত বিচার কার্যকর হোক, যাতে আইনের প্রতি বিশ্বাস আরও শক্তিশালী হয়।এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে আদালতে আনা হয়। কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এনে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।