নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ দুপুর ১২:০৩:৩১
বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জোন্স
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে বড় ধাক্কা এলো। অভিজ্ঞ ব্যাটার অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে (আইসিসি)। দুর্নীতিবিরোধী বিধির একাধিক ধারায় অভিযোগ ওঠায় তাকে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে।
আইসিসি জানিয়েছে, জোন্সের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের জবাব দিতে তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের ক্রিকেট অংশ নিতে পারবেন না।
৩১ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে ছিলেন। ওই ক্যাম্পে থাকা ১৮ জন ক্রিকেটারের মধ্য থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের দল গঠনের কথা ছিল। সাময়িক নিষেধাজ্ঞার ফলে আপাতত সেই দলে জোন্সের থাকা আর সম্ভব হচ্ছে না।
আইসিসির তথ্যমতে, জোন্সের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বড় অংশই ২০২৩–২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত বিম-১০ টুর্নামেন্টকে ঘিরে, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অধীনে অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচ সংশ্লিষ্ট, যা আইসিসির দুর্নীতিবিরোধী কোডের আওতায় পড়েছে।
আইসিসি জানিয়েছে, এই মামলা একটি বৃহত্তর তদন্তের অংশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধেও অতিরিক্ত অভিযোগ আনা হতে পারে।