২০২৬ ফুটবল বিশ্বকাপের বিভিন্ন স্মারক নিয়ে আয়োজিত এক দাতব্য নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ফাইনালে ব্যবহৃত ম্যাচের বল এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের সদস্য জিমিনের পরা শার্ট। প্রতিটি স্মারকের দাম উঠেছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি।ক্রিস্টিজ নিলাম প্রতিষ্ঠানের আয়োজনে ‘একটি গোল: ফিফার বৈশ্বিক নাগরিক শিক্ষা তহবিলের জন্য নিলাম’ শীর্ষক অনলাইন নিলাম এক সপ্তাহ চলার পর বুধবার শেষ হয়। নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। বিশ্বের ২৪টি দেশের ক্রেতারা এতে অংশ নেন।বিশ্বকাপের ফাইনালের মধ্যবিরতির সাংস্কৃতিক আয়োজনে বিটিএস তাদের জনপ্রিয় গান ‘ডায়নামাইট’ পরিবেশন করে। ব্যান্ডটির সদস্যদের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী মিলিয়ে বিক্রি হয়েছে ৩ লাখ ৩০০ মার্কিন ডলার, যা নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ।জিমিনের শার্টের পাশাপাশি ভির ব্যবহৃত স্কার্ফ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ ডলারে। একই দামে বিক্রি হয়েছে জাংকুকের জ্যাকেটও। সুগার প্যান্ট বিক্রি হয়েছে ৩৩ হাজার ডলারে, জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলারে, আরএমের বুট ১৯ হাজার ৮০০ ডলারে এবং জিনের বেল্ট ১৬ হাজার ৫০০ ডলারে।এ ছাড়া পপ তারকা শাকিরাকে উপহার দেওয়া লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ডলারে। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে। আর মধ্যবিরতির আয়োজনে জাস্টিন বিবারের পরা একটি স্নিকার্স জুতা বিক্রি হয়েছে ২৬ হাজার ৪০০ ডলারে।নিলাম থেকে পাওয়া অর্থ ফিফার বৈশ্বিক নাগরিক শিক্ষা তহবিলে দেওয়া হবে। সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে এই তহবিল কাজ করে। বিশ্বের প্রায় ২০০টি দেশে তৃণমূল পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে এ অর্থ ব্যয় করা হবে।গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন।
৪ দিন আগে
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর শেষ মহারণ আজ ১৯ জুলাই। মহাযজ্ঞের পর্দা নামবে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচের মাধ্যমে। এদিন মেসি-ইয়ামালদের পায়ের যাদুর পাশাপাশি মুগ্ধতা ছড়াবে শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারদের কণ্ঠের যাদু। ম্যাচের হাফটাইমে গাইবেন তারা।গুঞ্জন উঠেছিল প্রথমার্ধের পর ৩০-৪০ মিনিট পারফর্ম করবেন সংগীতশিল্পীরা। এরপর দ্বিতীয়ার্ধের জন্য মাঠে নামবেন খেলোয়াড়রা। এরপরই ছোটে সমালোচনার পাগলা ঘোড়া। কেননা ফুটবল বিশ্লেষকদের আশঙ্কা, ১৫ মিনিটের বিরতি ৩০ মিনিটে পৌঁছালে ম্যাচের ছন্দপতন হতে পারে।তবে হাফটাইমে তারকাদের পারফর্ম নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে আয়োজক ফিফা। জানিয়েছে ৩০ মিনিট না ফাইনাল ম্যাচের বিরতি সর্বোচ্চ ১৭ মিনিট হবে। যা প্রচলিত ম্যাচের হাফটাইমের চেয়ে দুই মিনিট বেশি। ফিফা আরও জানিয়েছে এই ১৭ মিনিটের ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকেও বিষয়টি অবগত করেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন।বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। শেষ মুহূর্তের আনন্দ কোন দলের সঙ্গী হবে সে অপেক্ষায় সবাই।
২ সপ্তাহ আগে
বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি ছবি শেয়ার করে তিনি বলেছেন, বয়সকে হার মানিয়ে যে ফুটবল খেলছেন আর্জেন্টাইন মহাতারকা, তা বর্তমান ক্রীড়াবিশ্বে এক অনন্য উদাহরণ।নিজের বার্তায় শাকিরা লিখেছেন, মেসি শুধু একজন অসাধারণ ফুটবলারই নন, তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অদম্য মানসিক শক্তির প্রতীক। সময়ের সঙ্গে লড়াই করে এবং নানা সমালোচনাকে উপেক্ষা করে তিনি যেভাবে নিজেকে শীর্ষ পর্যায়ে ধরে রেখেছেন, তা সত্যিই বিস্ময়কর।শাকিরার ভাষায়, “মেসি প্রমাণ করেছেন একজন মানুষকে কখনোই তার বয়স কিংবা অন্যের মন্তব্য দিয়ে বিচার করা উচিত নয়। প্রতিভা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।”তবে মেসির সাফল্যের পেছনে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন শাকিরা। তিনি মনে করেন, দীর্ঘদিনের সঙ্গী আন্তোনেলার সমর্থন ও ভালোবাসাই মেসিকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাচ্ছে।শাকিরা বলেন, “আন্তোনেলার মতো একজন মানুষ পাশে থাকার কারণেই মেসি বারবার নতুন করে নিজেকে প্রমাণ করার শক্তি পান। একজন সফল মানুষের পেছনে পরিবারের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ, সেটির অন্যতম উদাহরণ তারা।”শাকিরার এই প্রশংসা আন্তোনেলারও নজর এড়ায়নি। আর্জেন্টাইন তারকার স্ত্রী পরে সেই বার্তাটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।এদিকে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মহারণে স্পেনের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা। রবিবার রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে মেসির দল, আর স্পেন চাইবে নিজেদের ইতিহাসে আরও একটি বিশ্বকাপ শিরোপা যোগ করতে।
২ সপ্তাহ আগে
অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার (১৭ জুলাই) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার এজেন্ট।ডাবলিনে জন্ম নেওয়া ব্রেন্ডা ফ্রিকার ১৯৬০-এর দশকে মাত্র ১৯ বছর বয়সে অভিনয়জগতে পা রাখেন। চলচ্চিত্র, মঞ্চ এবং আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন।১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত মাই লেফট ফুট চলচ্চিত্রে ব্রিজেট ফ্যাগন ব্রাউন চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জেতেন। এর মধ্য দিয়ে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার অর্জনের ইতিহাস গড়েন তিনি। চলচ্চিত্রটির সাফল্য আইরিশ চলচ্চিত্র শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মাই লেফট ফুট-এর পরিচালক জিম শেরিডান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “তিনি ছিলেন একজন অসাধারণ অভিনেত্রী, অসাধারণ মানুষ এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী।”আয়ারল্যান্ডের পাশাপাশি হলিউডেও সফল ক্যারিয়ার গড়েছিলেন ব্রেন্ডা ফ্রিকার। দ্য ফিল্ড, সো আই ম্যারিড অ্যান অ্যাক্স মার্ডারার, এ টাইম টু কিল এবং বিশ্বখ্যাত 'হোম অ্যালোন ২' সিনেমায় তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে 'হোম অ্যালোন ২' সিনেমায় ম্যাকোলে কালকিনের বিপরীতে ‘পিজন লেডি’ চরিত্রে তার অভিনয় আজও স্মরণীয়।ব্যক্তিজীবনে প্রচারবিমুখ ও রসিক স্বভাবের ছিলেন এই অভিনেত্রী। ২০১৫ সালে প্রকাশিত এক লেখায় তিনি মজার ছলে বলেছিলেন, অস্কার জয়ের চেয়েও হয়তো বেশি গর্বের বিষয় ছিল তার নামটি ডাবলিনের কথ্য ভাষায় ‘নিকার্স’ (অন্তর্বাস) শব্দের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হতো।অস্কার ট্রফি নিয়েও তার ছিল ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। তিনি একসময় সেটি দীর্ঘদিন নিজের বাড়ির রান্নাঘরের সিঙ্কের নিচে একটি প্লাস্টিকের শপিং ব্যাগে রেখে দিয়েছিলেন। পরে সেটি বসার ঘরের শেলফে স্থান পায়। ডাবলিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক ও তার ঘনিষ্ঠ বন্ধু গ্রেইন হামফ্রিস বলেন, ব্রেন্ডা ফ্রিকার ছিলেন সত্যিকার অর্থেই এক অনন্য ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব।
২ সপ্তাহ আগে