চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।এ ছাড়া আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার ব্যবস্থা থাকছে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
৭ ঘন্টা আগে
একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠনের পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠন পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ কারণে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে একাধিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল জকসুর উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান, জবি ছাত্রদলের সংঘর্ষ-সংশ্লিষ্ট কর্মসূচি এবং ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’-এর বিক্ষোভ কর্মসূচি। এ ছাড়া সকাল ১১টায় জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের আহ্বানে একই এলাকায় একটি সংবাদ সম্মেলনেরও ঘোষণা দেওয়া হয়। একই স্থান ও সময় ঘিরে একাধিক কর্মসূচির কারণে প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করেছে।
১৬ ঘন্টা আগে
ঢাকা কলেজে প্রোগ্রামে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ান তারা।এ ঘটনায় সায়েন্সল্যাব এবং এর আশপাশের এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে নিউমার্কেট জোনের এডিসি শওকত আলী বলেন, ‘আজকে একটি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি যাতে সাংঘর্ষিক রূপ না নেয়, সেজন্য আমরা ঘটনাস্থলে আছি। রাস্তা চলাচল সামরিকভাবে বন্ধ ছিল। পরে আমরা তাৎক্ষণিক তা ক্লিয়ার করেছি।’
২ দিন আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের মূল ফটক এবং ছাত্রদল পার্কের মোড় মসজিদে সামনে অবস্থান করছিলেন।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনব্যাপী শাখা ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনী চলছিল। প্রদর্শনীতে ‘বিচারিক হত্যাকাণ্ড (জুডিশিয়াল কিলিং)’ হিসেবে উল্লেখ করে কয়েকজনের ছবি প্রদর্শন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা গিয়ে ব্যানারটি সরাতে বলে। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের নেতা-কর্মীরা দফায় দফায় লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক শিবলী সাদিক বলেন, ‘জুডিশিয়াল কিলিংয়ের যেসব ছবি আমরা লাগিয়েছি, ছাত্রদল এসে বলে , তারা রাজাকার, তাদের ছবি রাখা যাবে না, সরিয়ে ফেলতে হবে। আমরা ছাত্রদলকে বলেছি, আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলুন, তারা সিদ্ধান্ত দেবে। আপনারা তো এখানকার অথরিটি (কর্তৃপক্ষ) না এসব নামিয়ে ফেলার জন্য। তো তারা প্রশাসনের সঙ্গে কথা না বলে আমাদের ওপর অতর্কিত হামলা করেছে।’ছাত্রশিবির নেতা শিবলী সাদিক আরও বলেন, ‘‘তাঁদের সভাপতির ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাঁদের কয়েকজন আহত হন। পরে প্রক্টর এলে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলে তাঁরা থেমে যান। ছাত্রদলও চলে যায়। কিন্তু তারা হঠাৎ আবার অতর্কিত হামলা চালায়। লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আক্রমণ করে। তাঁরাও আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন।’’রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন মুঠোফোনে বলেন, ‘রাজাকারদের যে ছবি ছিল; গোলাম আজম, কাদের মোল্লা নিজামী তারা যে মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তাদের ছবিগুলো ম্যাডাম খালেদা জিয়ার পাশে টাঙানো বিষয়ে আমরা তাদের বলি এগুলো অপসারণ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে তারা চেয়ার নিক্ষেপ করে, ধাক্কাধাক্কি হয় এবং আমাদের একজন আহত হয়।’শিবিরের নেতা–কর্মীরা কারমাইকেল কলেজের ছাত্রশিবিরসহ বহিরাগত নিয়ে এসে হামলা চালায় অভিযোগ করে ছাত্রদল নেতা মো. ইয়ামিন আরও বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করবো না। জুলাই নিয়েও কোনো আপোষ করবো না। এগুলোর বিরুদ্ধে যারা আমরাও তাদের বিরুদ্ধে।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, ‘‘যাঁরা এই মারামারির পেছনে জড়িত, তাঁদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে অতিশিগগিগই বিচার করা হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার (ওসি) রফিকুল ইসলাম রাতে গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদল-ছাত্রশিবিরে মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। খবর পাওয়ামাত্র তাঁরা ক্যাম্পাসে এসেছেন। এখন পরিবেশ শান্ত। দুই দলের সভাপতি-সম্পাদকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করছেন।’
২ দিন আগে