ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০২:৪৭:৫৪ (21-Jun-2026)
পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের

পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের


বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজনগুলোর একটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের সমাপ্তি ঘটেছে। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত এই উৎসবের পর্দা নামে শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায়। এর আগে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন।প্রায় দুই সপ্তাহব্যাপী চলা এ উৎসবে বিশ্বের নানা দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও প্রযোজকদের মিলনমেলা বসে। সমাপনী রাতে ঘোষণা করা হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভাগের বিজয়ীদের নাম।এবারের আসরের সর্বোচ্চ সম্মান ‘পাম দ্য’র’ বা স্বর্ণপাম জিতে নেয় রোমানিয়ান নির্মাতা ক্রিস্তিয়ান মুঙ্গিউ পরিচালিত চলচ্চিত্র ‘ফিয়র্ড’। নরওয়ের পটভূমিতে নির্মিত ছবিটিতে একটি অভিবাসী ধর্মীয় পরিবারের সামাজিক ও পারিবারিক সংকটের গল্প তুলে ধরা হয়েছে।প্রদর্শনীর পর থেকেই আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা কুড়াতে শুরু করে ‘ফিয়র্ড’। উৎসবজুড়ে এটিকে অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হয়। বিচারকদের ভাষ্য অনুযায়ী, সংযত নির্মাণশৈলী, বাস্তবধর্মী উপস্থাপন এবং আবেগঘন গল্প বলার দক্ষতার কারণেই চলচ্চিত্রটি সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করেছে।এই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কান উৎসবের স্বর্ণপাম ঘরে তুললেন পরিচালক ক্রিস্তিয়ান মুঙ্গিউ। এর আগে তিনি ২০০৭ সালেও এই সম্মান অর্জন করেছিলেন।উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁ প্রি’ পেয়েছে রুশ পরিচালক আন্দ্রেই জভিয়াগিনৎসেভের চলচ্চিত্র ‘মিনোটর’। অন্যদিকে জুরি পুরস্কার জিতেছে জার্মান নির্মাতা ভ্যালেসকা গ্রিসেবাখ পরিচালিত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’।সেরা পরিচালকের পুরস্কার যৌথভাবে পেয়েছেন পোল্যান্ডের পাভেল পাভলিকোভস্কি এবং স্পেনের পরিচালক জুটি হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি। ‘ফাদারল্যান্ড’ চলচ্চিত্রের জন্য সম্মাননা পান পাভলিকোভস্কি, আর ‘দ্য ব্ল্যাক বল’-এর জন্য পুরস্কৃত হন স্প্যানিশ এই পরিচালক জুটি।অভিনয় বিভাগেও ছিল যৌথ বিজয়ের চিত্র। ‘অল অব আ সাডেন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো। একইভাবে ‘কাওয়ার্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জেতেন ভ্যালেনতিন ক্যাম্পান ও এমানুয়েল মাকিয়া।চিত্রনাট্য বিভাগে পুরস্কৃত হয়েছেন এমানুয়েল মার। তার চলচ্চিত্র ‘আ ম্যান অব হিজ টাইম’ এই সম্মান অর্জন করে।সমাপনী আয়োজনে আয়োজকরা জানান, এবারের উৎসবে ইউরোপীয় আর্টহাউস সিনেমার শক্তিশালী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প বলার প্রবণতাও বিশেষভাবে প্রাধান্য পেয়েছে।বিশ্ব চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ডকে প্রদান করা হয় সম্মানসূচক পাম দ্য’র। শারীরিকভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।শক্তিশালী গল্পনির্ভর সিনেমার জয়গান এবং ইউরোপীয় চলচ্চিত্রধারার ধারাবাহিক প্রভাবের মধ্য দিয়ে শেষ হলো এবারের কান চলচ্চিত্র উৎসব। পুরো আয়োজনজুড়ে সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ছিল ‘ফিয়র্ড’, যা শেষ পর্যন্ত জিতে নেয় কাঙ্ক্ষিত স্বর্ণপাম।

৩ সপ্তাহ আগে

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা


দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে স্বস্তি পেলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একই সঙ্গে তার কাছ থেকে আদায় করা প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের কর কর্তৃপক্ষের দাবি ছিল ২০১১ সালে শাকিরা দেশটিতে ১৮৩ দিনের বেশি সময় অবস্থান করেছিলেন। স্পেনের আইন অনুযায়ী, কেউ এক বছরে ১৮৩ দিন বা তার বেশি সময় দেশটিতে থাকলে তাকে করদাতা হিসেবে বিবেচনা করা হয়।তবে আদালত রায়ে বলেছেন, কর কর্মকর্তারা তাদের দাবির পক্ষে পর্যাপ্ত ও সুনির্দিষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। আদালতের হিসাব অনুযায়ী, ওই বছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন, যা করযোগ্য সময়সীমার চেয়ে ২০ দিন কম।রায়ে আদালত শাকিরার ওপর আরোপিত জরিমানাকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেন। ফেরতযোগ্য অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা (২৪ মিলিয়ন ইউরো) আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা (২৫ মিলিয়ন ইউরো) জরিমানা।

১ মাস আগে

রেকর্ড ভাঙল মাইকেল

রেকর্ড ভাঙল মাইকেল


পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। তাই তো তাঁর জীবনের গল্প পর্দায় তুলে ধরেছেন হলিউড নির্মাতা অ্যান্টনি ফুকো। প্রয়াত এই পপতারকার জীবনের গল্প নিয়ে যখন ‘মাইকেল’ সিনেমার ঘোষণা হয়, তখন থেকেই সিনেমাটি যে সব রেকর্ড ভেঙে দেবে; হয়েছেও তাই। ‘মাইকেল’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে ৯৭ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি নতুন রেকর্ড গড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি এই তথ্য নিশ্চিত করেছে, এই সাফল্যের মধ্য দিয়ে, বায়োপিক ঘরানার চলচ্চিত্রগুলোর মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড এখন ‘মাইকেল’-এর দখলে। এর আগে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ট্রেট আউটা কম্পটন’ এই তালিকায় শীর্ষে ছিল, যার উদ্‌বোধনী আয় ছিল প্রায় ৬০ মিলিয়ন ডলার। সেই রেকর্ড অনায়াসেই ছাড়িয়ে গেছে নতুন এই বায়োপিক। মাইকেল সিনেমায় দেখানো হয়েছে জ্যাকসনের শৈশব, ‘দ্য জ্যাকসন ফাইভ’-এর সঙ্গে তাঁর যাত্রা, বাবার কঠোর নিয়ন্ত্রণ থেকে মুক্তি, একক শিল্পী হিসেবে সুপারস্টার হয়ে ওঠা এবং ১৯৮৮ সালের ‘ব্যাড’ ট্যুরের জাঁকজমকপূর্ণ কনসার্টের মাধ্যমে সমাপ্তি।  অর্থাৎ কোনো বিতর্কিত অংশই রাখা হয়নি। মাইকেল সিনেমার গল্প শুরু হয় ছোট্ট এক শিশুকে দিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে এক সাধারণ পরিবারে জন্ম তাঁর। বাবা জো জ্যাকসনের কঠোর শাসনে বড়ো হওয়া সেই শিশুটি খুব দ্রুত বুঝে যায়,  মঞ্চই তাঁর নিয়তি।‘দ্য জ্যাকসন ফাইভ।’-এর সঙ্গে গান গাইতে গাইতে সে হয়ে ওঠে দলের প্রাণ। তবে এই গল্প শুধু সাফল্যের নয়, এটি চাপ, প্রত্যাশা এবং হারিয়ে যাওয়া শৈশবের গল্পও। সময়ের সঙ্গে সেই শিশুটি হয়ে ওঠে এক তরুণ শিল্পী। তখনই বিশ্ব দেখে এক বিস্ফোরণ!  ‘থ্রিলার’।এই অ্যালবামে শুধু গান নয়, এটি ছিল এক সাংস্কৃতিক বিপ্লব। ‘বিলি জেন।’ কিংবা ‘বিট ইট’ প্রতিটি গান যেন একেকটি দৃশ্য, একেকটি গল্প। চাঁদের আলোয় দাঁড়িয়ে হঠাৎ এক পা এক পা করে পিছিয়ে যাওয়া। সেই মুনওয়াক। সেই মুহূর্তেই মাইকেল জ্যাকসন হয়ে ওঠেন এক মিথের নাম।  কিন্তু যত আলো, ততই যেন গাঢ় হয় ছায়া। খ্যাতির চূড়ায় দাঁড়িয়ে মানুষটি ধীরে ধীরে হারিয়ে ফেলেন নিজের ব্যক্তিগত জীবন। বিতর্ক, অভিযোগ, সংবাদমাধ্যমের তীব্র নজর।  সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এক জটিল চরিত্র। ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফার জ্যাকসন। বলা যায়, রক্তের সম্পর্ক যেন জাফারের অভিনয়ে এনে দিয়েছে স্বতঃস্ফূর্ততা। এই সিনেমার মাধ্যমে বড়ো পর্দায় অভিষেক হলো তাঁর। ছবিতে ছোটোবেলার মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ানো ক্রু, ভালাদিএ ছাড়াও সিনেমায় মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রও তুলে ধরা হয়েছে। তাঁর বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডমিংগো। মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে দেখা যাবে নিয়ে লংকে। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা। এ ছাড়া সংগীতজগতের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছেন মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসের চরিত্রও। প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ‘মাইকেল’ প্রযোজনা করেছে লায়ন্সগেট, ইউনিভার্সাল পিকচার্স এবং মাইকেল জ্যাকসন এস্টেট। বড়ো বাজেট, শক্তিশালী বিপণন এবং বিশ্বজুড়ে অগণিত ভক্তের আগ্রহ–সব মিলিয়ে ছবিটি যে বক্স অফিসে ঝড় তুলবে, তা আগেই অনুমান করা হয়েছিল। মুক্তির প্রথম সপ্তাহেই সেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে ‘মাইকেল’।

১ মাস আগে

শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু