পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ রাত ০৮:৩৮:৪২
পাবনায় বাগানে পড়েছিল আ.লীগ নেতার গলা কাটা মরদেহ
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে মরদেহ তার উদ্ধার করে পুলিশ।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হন শুকুর। পরে রাত ১২ টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন দিয়ে কোন খোঁজখবর পাওয়া যায় না। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা পরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কি কারণে হত্যা হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।