মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ সকাল ১১:০১:২৭
সেনবাগে জাফফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন
সেনবাগে জয়নুল আবদিন ফারুক (জাফ) ফাউন্ডেশনের উদ্যোগে এক কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
শুক্রবার সকালে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের এমপি রোডে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জাফ ফাউন্ডেশন সেনবাগে এ উদ্যোগ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে গাছের চারা বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, পরিবেশ ও জলবায়ু রক্ষায় দল-মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত।
এছাড়া জাফ ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বেকারত্ব দূরীকরণে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন এবং আধুনিক স্যানিটারি ল্যাট্রিন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এর আগে সেনবাগ ও সোনাইমুড়ীর বিভিন্ন এলাকায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিতে জাফ ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে