নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬ দুপুর ১২:৫৭:২৭
টিসিবির ট্রাকসেল চলবে ২১ মে পর্যন্ত
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ সোমবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই বিশেষ ‘ট্রাক সেল’ কার্যক্রম। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া টানা ১০ দিন এই কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন সর্বোচ্চ ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। টিসিবি জানিয়েছে, সাধারণ ভোক্তারাও এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ট্রাকে চিনি, মসুর ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত মূল্য অনুযায়ী, একজন ক্রেতা ১৩০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকা কেজি দরে ১ কেজি চিনি এবং ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।