নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ সকাল ০৬:০৩:২৩
ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টাকে কেন্দ্র করে স্বর্ণের দাম বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে বলে জানিয়েছে রয়টার্স।
বুধবার ২১ জানুয়ারি স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স (২৮.৩৫ গ্রাম) ৪ হাজার ৮২১ দশমিক ২৬ ডলারে। এ সময় স্বর্ণের দাম প্রতি আউন্স সর্বোচ্চ ৪ হাজার ৮৪৩ দশমিক ৬৭ ডলার (যা বাংলাদেশি টাকায় ৫ লাখ ৯২ হাজার ৮০৬ টাকা) ছুঁয়ে ফেলে।
ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮১৩ দশমিক ৫০ ডলারে ওঠে।
ক্যাপিটাল ডটকমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কাইল রডা বলেন, ট্রাম্প এই সপ্তাহে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের উদ্যোগ এবং গ্রিনল্যান্ড দখলের জন্য চাপ বাড়ানোর যে পদক্ষেপ নিয়েছেন, তাতে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমেছে। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণেই স্বর্ণের এই উত্থান।
রডা আরও বলেন, স্পষ্টতই বিনিয়োগকারীরা ডলার ও বিশেষ করে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ড বিক্রি করে সোনার দিকে ঝুঁকছেন। কারণ এ মুহূর্তে মার্কিন মুদ্রার তুলনায় স্বর্ণের ওপর আস্থা বেশি।