ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬ দুপুর ০১:১০:৩৪
পর্তুগালে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের যুবক নিহত
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক প্রাইভেটকারে থাকা প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রাম প্রসাদ সরকার (৩৬)। তিনি টাঙ্গাইলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন। দুর্ঘটনাটি ঘটে পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৪ মে) প্রাইভেটকারটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (১৫ মে) লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজখবর রাখতে একজন কর্মকর্তা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে প্রবাসী বাংলাদেশিদের চলাচল ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।