ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ দুপুর ০১:১৮:১৩
মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ার পেনাং অঙ্গরাজ্যের বায়ান মুতিয়ারার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপরের তলা থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানকে রং ও ভবনের ফিনিশিং-সংক্রান্ত সব কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি/ডশ)।
পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) পরিচালক হাইরোজি আসরি বলেন, উন্মুক্ত প্রান্ত (ওপেন-এজ) এলাকায় পরিচালিত রং ও ফিনিশিংয়ের কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি জানান, নির্মাণস্থলের উন্মুক্ত প্রান্তগুলো যথাযথভাবে ব্যারিকেড দিয়ে নিরাপদ না রাখার অভিযোগে মূল ঠিকাদারকেও পৃথক একটি নিষেধাজ্ঞা নোটিশ দেওয়া হয়েছে।
হাইরোজি আসরি বলেন, দুর্ঘটনাস্থল-সংশ্লিষ্ট সব ধরনের কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা নোটিশে উল্লিখিত সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সেখানে কোনো কাজ করা যাবে না।
তিনি আরও বলেন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন ১৯৯৪ (অ্যাক্ট ৫১৪) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (নির্মাণকাজ) প্রবিধান ২০২৪ (সিডিএম ২০২৪) অনুযায়ী নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার, সাব-কন্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট সব পক্ষকে কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।