স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬ দুপুর ১২:৩৮:২৭
জাপানের রেকর্ডগড়া জয়
নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল জাপান। নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়ার জালে এক হালি দিয়ে বড় জয় তুলে নিয়েছে এশিয়ার দলটি। সেই সঙ্গে টানা ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিশিয়ার।
রোববার (২১ জুন) মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। এরপর ৩১তম মিনিটে আয়াসে উয়েদা ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জাপান। ৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে তিউনিসিয়ার প্রত্যাবর্তনের সব আশা শেষ করে দেন।
ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন উয়েদা। দুই ম্যাচে টানা বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তিউনিসিয়াকে।
টুর্নামেন্টে এর আগে সুইডেনের কাছেও বড় ব্যবধানে হেরেছিল তারা। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ ওঠার পথে বড় পদক্ষেপ রাখল জাপান।