নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৭:৩০
মিরপুরে গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত, আটক ১
রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে সাইফুল ইসলাম সিজু (৩৮) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া সংলগ্ন মুন্সি বাড়ি রোডে হামলার শিকার হন তিনি। গুলিবিদ্ধ সাইফুল মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক।
সাইফুলকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল জানান, রাতে মুন্সি বাড়ি রোডে সাইফুল নিজ অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। এতে সাইফুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজ ধাওয়া করে শান্ত নামে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে। পরবর্তীতে তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাইফুলকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার কোমর ও দুই পায়ে গুলি লেগেছে বলে জানান তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, “মিরপুরের গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের নেতা অস্ত্রপচার শেষে চিকিৎসক ভর্তি দিয়েছেন। বিষয়টি মিরপুর থানা পুলিশ অবগত আছে।”