চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৫:৩৫
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারে দুর্ঘটনার শিকার হন তিনি।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শহীদ ওয়াসিম ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। মোটরসাইকেলে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকটিকে দেখতে না পেয়ে ফাইয়াজ তাজরিয়ান ট্রাকটির পেছনে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, “বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। পাশাপাশি ফ্লাইওভারের সড়কবাতিও বন্ধ ছিল। মোটরসাইকেলে যাওয়া ফাইয়াজ বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে পেছন থেকে ধাক্কা দেন।”
তিনি বলেন, “ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেও তিনি দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে স্লোগান দেন।”