নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মে ২০২৬ রাত ০৮:২০:৪৩
সরকারের অনেক মুড সুইং হয় : হাসনাত আবদুল্লাহ
বিএনপি সরকারের অনেক মুড সুইং হয় বলে মন্তব্য করেছেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমাদের সরকারের অনেক মুড সুইং হয়। মানে সরকার আসলে কী চায়, সেটা বোঝা যায় না। হাসিনার সময় অন্তত বোঝা যেত যে, দিনশেষে সিদ্ধান্তটা কে নেয়, হাসিনার সময় দিনশেষে সব সিদ্ধান্ত হাসিনাই দিতেন, সবাই তার দৃষ্টি আকর্ষণ করত।’ রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন এই জায়গায় সিদ্ধান্তটা কার, আমার কাছে মনে হচ্ছে “সো মেনি গভর্নমেন্ট” মানে আমি নিশ্চিত না। খুব শীঘ্রই হয়ত বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে ভুল বোনানো হয়। এখন ভুলটা বোঝায় কারা? এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আছে, যারা সরকারের সাথে থেকে আমাদের জন-আকাঙ্ক্ষা, রাষ্ট্রের আকাঙ্ক্ষা থেকে সরকারকে দূরে সরিয়ে নিচ্ছে।’ হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের যে সংস্কারের ইনস্টিটিউশনাল জায়গাগুলো- বিচার বিভাগ স্বাধীনতা হওয়ার কথা ছিল, আমাদের সচিবালয়ে বড়ো ধরনের সংস্কার হওয়ার দরকার ছিল, পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল- এই সব জায়গা থেকে সরকার অনেক দূরে সরে গেছে। কারণ সরকারের কাছে মনে হচ্ছে, সবকিছু নিয়ন্ত্রণ না করলে, সবকিছু মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করলে, সরকার চালানো যাবে না।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি সেন্ট্রালাইজড ছিল, সবকিছু হাসিনা-কেন্দ্রিক ছিল। এর চেয়ে শক্তিশালী আর কেউ ছিল না। তারপরও তিনি টিকে থাকতে পারেন নাই। এখন যদি সরকার মনে করে সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, সবকিছুর সমাধান একজনকে করতে হবে। এই জিনিসটা আমাদের জন্য ভালো লক্ষণ না।’