নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৬ দুপুর ১২:৪৪:১৪
১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন জমা দিল EUB
শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (EUB)।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মুর্তজার নেতৃত্বে BAC-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং পরিচালক (অ্যাক্রেডিটেশন) অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের কাছে 'ইনটেন্ট টু অ্যাপ্লাই ফর অ্যাক্রেডিটেশন' (Intent to Apply for Accreditation) পত্র হস্তান্তর করে।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু তাহের।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, ধারাবাহিক উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE), বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF) এবং আউটকাম-বেইজড এডুকেশন (OBE)-এর নির্দেশনা ও গুণগত মান নিশ্চয়তা কাঠামোর সঙ্গে আরও সুসংহত করার লক্ষ্যে কাজ করছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে EUB-এর একাডেমিক কার্যক্রমের মান, জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি এবং স্নাতকদের বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে।