স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:২০:২৮
বিশ্বকাপের আগে আবার চোটে এমবাপ্পে
হাঁটুর ইনজুরি কাটিয়ে ফেরার সপ্তাহ না পেরোতেই আবারও চোটে পড়লেন কিলিয়ান এমবাপ্পে। এবার হ্যামস্ট্রিং ইনজুরিতে রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকার মৌসুম শেষ হওয়ার শঙ্কা জেগেছে। সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই চোট পেলেন ফরাসি তারকা। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, মৌসুমের বাকি ম্যাচগুলোতে এমবাপ্পের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। গত শুক্রবার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। সেদিনই ইনজুরিতে মাঠ ছাড়েন এমবাপ্পে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এই চোট বড়ো ধাক্কা দিদিয়ের দেশমের দলের জন্য। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা পুনরুদ্ধারের মিশন। গ্রুপ 'আইতে ফরাসিদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।