স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৪ মে ২০২৬ সকাল ১১:১৪:২৬
হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব : সাকিব
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, আইনি প্রক্রিয়ায় হয়রানি না করার নিশ্চয়তা পেলে তিনি দ্রুতই দেশে ফিরতে প্রস্তুত। সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আইনের মুখোমুখি হতে চাই, কিন্তু আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ কোনো প্রটোকল চাই না, শুধু সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়ার সময় হয়রানি না করার নিশ্চয়তা চাই। এই নিশ্চয়তা কাল দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অলরাউন্ডার। তিনি জানান, ক্রিকেট ক্যারিয়ার শেষে পুরোপুরি রাজনীতিতে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। দল পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই। ছোট দলেও খেলেছি, সেখানেও অনুগত ছিলাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, কোনো দলকে দীর্ঘ সময় নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। তার মতে, জোর করে দমন করে রাখলে দেশের বা রাজনীতির উন্নতি হয় না। রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে সাকিব বলেন, একই ভুলের পুনরাবৃত্তি হলে এই চক্র চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে।