পাবনা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩২:৫০
পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আইনটির যথাযথ বাস্তবায়ন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পাবনায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর অবহিতকরণ ও বাস্তবায়ন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী দিদারুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর যথাযথ প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।
বক্তারা আরো বলেন, পণ্যের সঠিক মূল্য নির্ধারণ ও প্রদর্শন, ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধ, ওজনে কারচুপি রোধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত না করার বিষয়ে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হতে হবে। ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি করা গেলে একটি সুষ্ঠু ও নিরাপদ বাজারব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির পাশাপাশি জনসচেতনতা তৈরির কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
অন্যদিকে, কোনো ভোক্তা প্রতারিত বা হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আইন ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।