নিজস্ব প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ রাত ০৮:০৭:২৯
চাটমোহরে বেশি দামে সার বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাবনার চাটমোহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ৪ ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিলচলন ইউনিয়ন ও ছাইকোলা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলাের ছাইকোলা ইউনিয়ন ও বিলচলন ইউনিয়ন অভিযান চালানো হয়।
অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ছাইকোলা ইউনিয়নে বিসিআইসি সার ডিলার প্রদিপ কুমার পালকে ২০ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার হাবিবর রহমানকে ১০ হাজার টাকা, মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার রহমত আলীকে ১০ হাজার টাকা। এছাড়া বিলচলন ইউনিয়নে মেসার্স পাওয়ার ট্রডার্স বিসিআইসি সার ডিলার মরিয়ম খাতুনকে ১০ হাজার টাকা সহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়েব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ৪ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।