পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ রাত ০৭:৫৭:১৪
সেই যুবদল নেতা ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত,কারাদণ্ড
পাবনার সুজানগর উপজেলার সেই যুবদল নেতা শফিউল আলম বাবুকে (৪২) ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়েছে।
তার শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি শনাক্ত হওয়ার পর তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোছা. তাবাসসুম আক্তার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চর মানিকদীর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার (১২ জুলাই) সন্ধ্যায় মাদকসংশ্লিষ্টতার অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা সুজানগর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং তাকে মুক্তির দাবি জানান। রাত পর্যন্ত তারা থানার সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন।
এ সময় আটক যুবদল নেতার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেয় পুলিশ। তবে তার পরিবারের সদস্যরা এতে আপত্তি জানান। অবস্থা বেগতিক দেখে থানা ত্যাগ করেন নেতাকর্মীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
পরদিন পাবনা পুলিশ হাসপাতালে তার ডোপ টেস্ট করা হলে তার শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি শনাক্ত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হলে আদালত একমাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আটকের পর ডোপ টেস্টে মাদকসেবনের প্রমাণ পাওয়ায় আদালত আইন অনুযায়ী তাকে দণ্ড দিয়েছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।