ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৩
'জুলাই গণ-অভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে'
ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট ১৮৫৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৭৯৯টি এবং অন্যান্য ধারায় মামলা হয়েছে ১ হাজার ৫৬টি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেন।আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময় দেশের বিভিন্ন জেলার থানায় মোট ১৮৫৫টি মামলা রুজু হয়েছে। মামলাগুলোর মধ্যে হত্যা মামলার সংখ্যা ৭৯৯টি এবং অন্যান্য ধারার অধীনে মামলা রুজু হয়েছে ১ হাজার ৫৬টি। এরই মধ্যে ১৫৮টি (হত্যা মামলা ৪৮টি এবং অন্যান্য মামলা ১১০টি) মামলায় তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত চলমান রয়েছে। এই বিপুলসংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে। প্রতিটি মামলায় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে বিচারের সময় কোনো আইনি দুর্বলতা না থাকে।