নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ দুপুর ০১:০৮:১৮
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড
সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। পরে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তার ও তার ওপর নির্ভরশীলদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা ও আয়ের উৎসের বিস্তারিত তথ্য চেয়ে সম্পদ বিবরণী নোটিশ জারি করে দুদক।
২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সেই নোটিশ ও সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। তবে নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ আগস্ট তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন। বিচার প্রক্রিয়ায় সাতজন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। এরপর থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন। গত ১৫ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজকের দিনটি রায় ঘোষণার জন্য ধার্য করেছিলেন।