আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৪:১০
গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার
ট্রাম্পের ডিনারে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে ঘটনাটি স্থানীয় সময় গতকাল শনিবার রাতের। ওয়াশিংটন হিলটন হোটেলে বসেছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ। তাতে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ট্রাম্প আরো জানান, আমি তাদের বলেছি, আমরা অনুষ্ঠানটি চালিয়ে যাই। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার পূর্ণাঙ্গ নির্দেশনা মেনে চলতে হবে।
ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান।