ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৯:৫৬
স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন ফখরুল
প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনি প্রক্রিয়া শুরুর পরিকল্পনা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম ১৬ আসনে জামায়াতে ইসলামির এমপি জহিরুল ইসলামের এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনি প্রক্রিয়া শুরু করা হবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন করেন, নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত করার লক্ষ্যে সব পর্যায়ের নির্বাচন দ্রুত করার কোনো পরিকল্পনা আছে কি না; থাকলে কবে নাগাদ তা করা হবে? জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল বলেন, “স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্ববর্তী অভিজ্ঞতায় দেখা যায়, ধাপে ধাপে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।