নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ সকাল ১১:০৯:০৩
বাজারে নতুন গভর্নর স্বাক্ষরিত ১০০০, ৫০০ ও ১০টাকার নোট
বিএনপি সরকারের যাত্রার শুরুতে গভর্নরের দায়িত্ব পাওয়া মোস্তাকুর রহমান স্বাক্ষরিত নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ছাড়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয়েও মিলবে এসব নোট। বাংলাদেশ ব্যাংক বলছে, পরবর্তী সময়ে ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরে ছাপানো হবে। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগে সরকারের পতনের পর টাকার নকশা থেকে বাদ পড়ে শেখ মুজিবুর রহমানের ছবি।‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য।’ শীর্ষক নতুন নকশায় মুদ্রা ছাপানো শুরু করে অন্তর্বর্তী সরকার। ছবি বাদ দিয়ে ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যমানের নতুন নকশার নোট বাজারে আসে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে। বাজারে থাকা এসব কাগুজে নোটের মধ্যে ১০০০, ৫০০ ও ১০ টাকায় মোস্তাকুর রহমানের স্বাক্ষরে পুনঃমুদ্রণ হলো। আগের নকশায় ছাপানো হওয়ায় কেবল স্বাক্ষরই বদলেছে। নোটের রং, নিরাপত্তা বৈশিষ্ট্য, আকৃতি আগের মতোই রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে নতুন নকশায় এখনো ছাপানো হয়নি ১, ২ ও ৫ টাকা মূল্যমানের নোট।