ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬ দুপুর ০১:২০:২১
৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১২৯টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান। রোববার (১০ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, শনিবার (৯ মে) দিবাগত রাত তিনটা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন সৌদি আরবে গেছেন। এছাড়া, সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সেখানে পৌঁছেছেন। সব মিলিয়ে, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।