স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬ রাত ০৮:৩৬:০৯
ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
ম্যাচের আগে স্পোর্টসকাস্টিংয়ের সুপারকম্পিউটার বিশ্লেষণে ব্রাজিলকে স্পষ্ট ফেভারিট হিসেবে দেখানো হয়েছে। মডেলটির হিসাব অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৫.৩ শতাংশ, যেখানে মরক্কোর জয়ের সম্ভাবনা মাত্র ১৯.২ শতাংশ। অন্যদিকে ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ২৫.৪ শতাংশ।
বিশ্লেষণে সবচেয়ে সম্ভাব্য ফলাফল হিসেবে উঠে এসেছে ব্রাজিলের ১-০ গোলের জয়। এই স্কোরলাইনের সম্ভাবনা ১৪.৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২-০ ব্যবধানে ব্রাজিলের জয়ের সম্ভাবনাও উল্লেখযোগ্য।
নতুন কোচ কার্লো আনচেলত্তিরর অধীনে ব্রাজিলের আক্রমণভাগে আছেন তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ইগরে থিয়াগো ও এন্দ্রিকের মতো তারকারা। তাদের উপস্থিতি ব্রাজিলকে আরও শক্তিশালী করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে মরক্কোও সহজ প্রতিপক্ষ নয়। ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠা দলটি এবারও আত্মবিশ্বাসী। দলের অন্যতম ভরসা আশরাফ হাকিমি ও সুফিয়ান আমরাবাত। তবে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে শঙ্কা থাকায় মরক্কো কিছুটা চাপে রয়েছে।
সুপারকম্পিউটারের মতে, ম্যাচটিতে গোলসংখ্যা কম হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে ব্রাজিলের জয় এবং ২.৫ গোলের নিচে ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা সবচেয়ে শক্তিশালী পূর্বাভাস হিসেবে বিবেচিত হচ্ছে।
সবশেষে পরিসংখ্যান ও সম্ভাবনার বিচারে ব্রাজিল এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে চমক দেখানোর সামর্থ্য মরক্কোর রয়েছে। তবে সুপারকম্পিউটারের পূর্বাভাস বলছে, এই লড়াইয়ে শেষ হাসি হাসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।