স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬ সকাল ১০:০১:০১
নেইমারকে নিয়েই ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। এই দল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। প্রাথমিক দল থেকে বিশ্বকাপের চূড়ান্ত দলেও টিকে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা। দীর্ঘ আড়াই বছর পর নেইমার আবার ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফিরছেন। ২০২৩ সালের পর এই প্রথম তিনি জাতীয় দলে ডাক পেলেন। এই দলে অভিজ্ঞ ও প্রবীণ খেলোয়াড়দের পাশাপাশি প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের এক দারুণ সমন্বয় ঘটানো হয়েছে। তবে দলে জায়গা না পাওয়া বড়ো চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো। ইগর থিয়াগো, এন্ট্রি ও লুইজ হেনরিকের অন্তর্ভুক্তিও চমকপ্রদ। সেলেসাওরা রয়েছে 'সি' গ্রুপে এবং তারা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে একটি কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। পরের দুই ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : আলিসন, এদেরসন ও ওয়েভারটন। রক্ষণভাগ : অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইনানি, লিও পেরেইরা, মার্কিনহোস ও ওয়েসলি। মধ্যমাঠ : ব্রুনো গিমারায়েস, কাসেমির, দানিলো, ফাবিনহো ও পাকেতা। আক্রমণভাগ : এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও রায়ান।