প্রবাস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৭:০০
দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন জামাল মিয়া নামে এক বাংলাদেশি। নিহত ব্যক্তি চাঁদপুর মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি গ্রামের ছিডু মিয়া বেপারির ছেলে। দেশে তার বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।খোঁজ নিয়ে জানা গেছে, জামাল মিয়া ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। দেশটির রাজধানীতে ভ্যারাইটি সুপারশপে ব্যবসা করতেন তিনি। বুধবার রাতে তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আগে থেকে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
জামালের পরিবারের দাবি, তাকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে। তবে, এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি।গুলির এ ঘটনায় জামালের দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই কর্মচারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী জানান, তার ছেলে পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে গিয়ে নিজের কষ্টার্জিত অর্থে ব্যবসা করছিলেন। এখন সন্ত্রাসীদের গুলিতে তাকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আফ্রিকার রাষ্ট্রদূতের একজন সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। আমরা ইতোপূর্বে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। তার পরিবারের প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।