ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ৬ মে ২০২৬ দুপুর ০১:২৫:৩২
তেহরানের শপিং কমপ্লেক্সে আগুন, ৮ জনের প্রাণহানি
ইরানের তেহরানের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুনে অন্তত ৮ জনের প্রাণহানি ও ৩৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) আন্দিশেহ শহরের আরাকান কমার্সিয়াল কমপ্লেক্সে এই আগুন লাগে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি। ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল বলে জানা যায়। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলি পাইদারানের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বিকেলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। ভবনটির বাইরের অংশে ব্যবহৃত দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভবন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
সূত্র : রয়টার্স