ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২ মে ২০২৬ রাত ০৭:৪৪:৩২
বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২ মে) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশ গত ফেব্রুয়ারিতেই ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে। এখন ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরুর পরিকল্পনা করছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পূর্ণ ভিসা সেবা শুরুর জন্য প্রথম ধাপ গ্রহণ করছে দুই দেশ। ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, গত মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত সফরে যান তখন তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, যেহেতু বাংলাদেশ তাদের ভিসা কেন্দ্র থেকে ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত সময়ে একই ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে ভারতে বাংলাদেশের নয়াদিল্লি হাইকমিশন, কলকাতা, আগরতলা, মুম্বাই এবং চেন্নাইয়ের কনস্যুলারগুলো সম্পূর্ণভাবে সচল রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, “গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু ভিসা কেন্দ্রে সেবা বন্ধ করে দিতে হয়, সেগুলো আবার ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু করে।”গত ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও পার্লামেন্টের স্পিকার ওম বিরলা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন।