মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ রাত ০৯:১১:৪০
সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে নিখোঁজ হওয়ার চার দিন পর আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সেনবাগ থানা পুলিশ পৌর শহরের পূর্ব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট সংলগ্ন বিন্নাগুনি ফজল ব্যাপারী বাড়ির একটি ময়লার বাগাড় থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত আবুল কাশেম উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের চুন ব্যাপারী বাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম কয়েকদিন আগে সেনবাগ পৌর এলাকায় তাঁর বোনের বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরে সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ময়লার বাগাড় থেকে দুর্গন্ধ বের হতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, "আবুল কাশেম কয়েকদিন আগে তাঁর বোনের বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হন। আজ সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।