মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ প্রতিনিধি:
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ রাত ০৯:২৩:৩১
নানা আয়োজনে সেনবাগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ উপলক্ষে র্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান সওকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকজন সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়।