ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ রাত ০৭:৪২:১৪
ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ফেনী সীমান্তে ১ কোটি ১ লক্ষ ৭৯ হাজার ৭৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি।
(১২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর বিশেষ টহল দল ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রীপিস, কসমেটিক্স, চকলেট এবং বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১ লক্ষ ৭৯ হাজার ৭৫ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস্-এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।