নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ রাত ০৭:৪৫:৩৭
সাবেক মেয়র আইভীর মুক্তিতে বাধা নেই
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ১০টি মামলার জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৯ নভেম্বর আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পাঁচটি আবেদন করেছিল। ওই আবেদনগুলো আজ খারিজ করেছেন আপিল বিভাগ। এ ছাড়া আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশও বাতিল করা হয়েছে। এর ফলে মোট ১০টি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া আইভীর জামিন কার্যকর থাকছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতিমা আক্তার এবং আইভীর আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু ও এস এম হৃদয় রহমান। আইনজীবী মোতাহার হোসেন বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে সেলিনা হায়াৎ আইভীর কারাগার থেকে মুক্তিতে আর আইনি বাধা থাকল না।