নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ দুপুর ০১:৩৫:৫৭
মানবতাবিরোধী অপরাধ :যে কোনো দিন ইনুর বিরুদ্ধে রায়
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ফলে যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও আওয়ামী লীগে সরকার আমলে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬-৭ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এই মামলায় তার বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উসকানি ও প্ররোচনা দিয়েছেন হাসানুল হক ইনু। ইনুর প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেন।