নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ রাত ০৯:৫৪:২০
ভাতা ও মোটরসাইকেল লোন চান পুলিশ সদস্যরা
পুলিশের সদস্যরা নির্ধারিত ডিউটির বাইরেও প্রতিদিন দীর্ঘ সময় বাড়তি কাজ করেন। বাড়তি এই সময়টুকুকে ‘ওভারটাইম’ হিসেবে গণ্য করা হলেও এর জন্য কোনো আর্থিক সুবিধা বা সম্মানী পান না তারা। তাই কাজের গতি বাড়াতে ও মনোবল চাঙ্গা রাখতে এবার ওভারটাইমের ৫০ শতাংশ টাকা ভাতা হিসেবে দেওয়ার দাবি তুলেছেন পুলিশ সদস্যরা। রোববার (১০ মে) দুপুরে পুলিশ সপ্তাহের বিশেষ অনুষ্ঠানে পুলিশ কল্যাণ সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়। চট্টগ্রামের শিল্পাঞ্চলের গোয়েন্দা (ডিবি) শাখার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবের দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান। তিনি বলেন, পুলিশ নির্দিষ্ট সময়ের বাইরেও অতিরিক্ত ঘণ্টা কাজ করে, কিন্তু তার কোনো বিনিময় পায় না। এ জন্য ওভারটাইম বাবদ ৫০ শতাংশ ভাতা প্রদান করা জরুরি। একই সভায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পর্যায়ের কর্মকর্তাদের জন্য সুদমুক্ত মোটরসাইকেল ঋণের দাবি জানানো হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এই দাবি তুলে ধরেন। তিনি জানান, পুলিশের এসআই ও এএসআই পদে বর্তমানে প্রায় ৪৪ হাজার কর্মকর্তা কর্মরত থাকলেও তাদের বিপরীতে সরকারি মোটরসাইকেল আছে মাত্র ৭ হাজার ২১১টি। ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করে তদন্ত কাজ চালাতে গিয়ে কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই তদন্তে গতি আনতে সুদমুক্ত ঋণ এবং ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য জ্বালানি বরাদ্দের দাবি জানান তিনি।