নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ দুপুর ০১:২২:২৩
দলীয় বহিষ্কারে এমপি পদ বাতিল নয়, সংসদের চিঠি পেলে ব্যবস্থা: ইসি মাছউদ
শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ভিত্তিতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য (এমপি) পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে তার সদস্য পদ থাকার সুযোগ থাকে না। কিন্তু, দল যদি কাউকে বহিষ্কার করে, শুধু সেই কারণে সংসদ সদস্য পদ চলে যাওয়ার সুযোগ সংবিধানে নেই।”তিনি বলেন, “সংসদের পক্ষ থেকে বিষয়টি কমিশনের কাছে রেফার্ড করা হলে বা স্পিকারের মাধ্যমে চিঠি এলে আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, “কমিশন প্রথমে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায়। এ লক্ষ্যে অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি চলছে।”
তিনি বলেন, “সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো দূরত্ব নেই। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আবহাওয়া, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে।”