ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬ সকাল ০৯:৫৪:০৫
মিয়ানমারের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশও
মিয়ানমারে মধ্যরাতে আঘাত হানা ৫ মাত্রার একটি ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও। বিশেষ করে চট্টগ্রাম নগরীসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ঝাঁকুনি অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকার প্রায় ১১ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড়ো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, বান্দরবান ও আশপাশের এলাকায় অনুভূত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেকেই গভীর রাতে কয়েক সেকেন্ড ধরে ঘরবাড়ি কেঁপে উঠতে দেখে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প অনুভবের নানা অভিজ্ঞতা শেয়ার করতে দেখা গেছে অনেককে।