ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬ রাত ০৭:৪৯:২০
এটাই এনসিপির মূল বসন্ত: হাসনাত আব্দুল্লাহ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্তি একটি কার্ড শেয়ার করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২৩ মে) বেলা ৩টা ৪৮ মিনিটে দেওয়া ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘এটাই এনসিপির মূল বসন্ত। অভিনন্দন ঝিনাইদহ এনসিপি ইউনিট। দেখা হবে শিগ্গিরই।’
এর আগে শনিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির। তবে এনসিপির বিরুদ্ধে করা মামলার বাকি ২১ আসামির নাম জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘এনামুল কবির নামে একজন বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর নামে অভিযোগ দিয়েছেন। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। ঝিনাইদহ সদর থানার মামলা নং-৪৩। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’