নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মে ২০২৬ সকাল ১১:৪৬:৩৫
বিএনপি নেতা রেজাউল কাইয়ুম মুক্ত
আটকের ১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করে পুলিশ। এরপর নানা নাটকীয়তা শেষে এদিন দিবাগত রাত ১২টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্য নেতাদের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই পুলিশ রেজাউল কাইয়ুমকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সেটা জানাতে গড়িমসি করে। তবে ওই বিএনপি নেতাকে ছাড়ার পর পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ ও ব্যস্ততম শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা না পাওয়ায় রেজাউলকে ছেড়ে দেওয়া হয়েছে। রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনাল কেন্দ্রিক চাঁদাবাজি–সংক্রান্তি কিছু অভিযোগ আসে উচ্চপর্যায়ে। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাঁকে আটক করে হেফাজতে নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময়ে জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাইয়ে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। তৌহিদুল আনোয়ার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এর আগে গতকাল দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করেন কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাঁকে কুমিল্লা কোতোয়ালি থানায় নেওয়া হয়। রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিএনপি নেতা-কর্মী ও তাঁর সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সামনে অবস্থান নেন। দুপুর থেকে রেজাউল কাইয়ুমকে ছাড়ার পর পর্যন্ত থানার প্রধান ফটকের সামনে কয়েক শ নেতা-কর্মী ছিলেন। রেজাউলের মুক্তির দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়েছেন। রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে ছাড়া পেয়ে রেজাউল কাইয়ুম দাবি করেন, তাঁর বিরুদ্ধে একটি মহল বড়ো ধরনের ষড়যন্ত্র করেছে। সবাইকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাকে নিয়ে বড়ো ধরনের ষড়যন্ত্র হয়েছিল, অবশেষে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। ভিত্তিহীন অভিযোগে আমাকে আটক করা হয়েছিল। আমার বিরুদ্ধে যে-সব অভিযোগ আনা হয়, তার বিন্দুমাত্র সত্যতা নেই। আমি আমাদের নেতা–কর্মীরসহ সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। দিনভর আমার জন্য যাঁরা কষ্ট করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’