নিজস্ব প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৭:৩৮
নানা আয়োজনে পাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আব্দুল মমিন। এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমানের উন্নয়নে সাক্ষরতার কোনো বিকল্প নেই। শুধু অক্ষরজ্ঞান নয়, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মানুষকে দক্ষ ও সচেতন করে গড়ে তুলতে কার্যকর সাক্ষরতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।