প্রবাস ডেস্ক
প্রকাশ : ১ আগস্ট ২০২৬ রাত ০৮:৩৭:১৮
সৌদিতে ১৪ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। এ সময় গ্রেফতার হওয়া ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়।
গ্রেফতার হওয়াদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৯৭ জন রয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে এবং বেআইনিভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় ২৩ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনকে দেশে ফেরার আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন সুবিধা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস এবং বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সেখানে কর্মরত রয়েছেন।
সূত্র: গালফ নিউজ