ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬ দুপুর ১২:২৩:০৬
বাংলাদেশি ৫৯,৭৮৩ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন
বাংলাদেশি ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে তথ্যটি নিশ্চিত করা হয়।এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (১৬ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছান ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী।মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবে গিয়ে আরও একজন হজযাত্রীর মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং চারজন নারী। তাদের মধ্যে ১২ জন মক্কায় এবং চারজন মদিনায় ইন্তেকাল করেছেন।এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৪টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন হজযাত্রী। একই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও আট হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন।