নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মে ২০২৬ সকাল ১১:৩৫:৩৪
হজ করতে সৌদিতে পৌঁছেছেন ৫০ হাজার বাংলাদেশি
বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১২৮টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। শনিবার (৯ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস, ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেলপ ডেস্ক। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান ২৩ হাজার ৫৯১ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৪৭টি ফ্লাইটে ১৭ হাজার ৬৪৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৪৬ হাজার ২৫ হজযাত্রী। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।