নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ বিকাল ০৩:৫৫:৪৬
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন
দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। নবগঠিত এই সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নবগঠিত সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত পত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ওই সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে গত রোববার এ সংক্রান্তি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।