স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৭ মে ২০২৬ দুপুর ১২:১১:২৪
আবারো ফাইনালে পিএসজি
মিউনিখে আরেকটি ইউরোপীয় মহারণের শেষে হাসি ফুটল প্যারিসে। বুধবার দিবাগত রাতে বায়ার্ন মিউনিখের মাঠে ১-১ গোলে ড্র করেও উয়েফা চ্যাম্পিয়ানস লিগের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত বুদাপেস্টের টিকিট কেটে ফেলেছে লুইস এনরিকের শিষ্যরা। প্রথম লেগে ৫-৪ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর দ্বিতীয় লেগেও আক্রমণাত্মক শুরু করে ফরাসি জায়ান্টরা। ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ দিক দিয়ে দুরন্ত গতিতে উঠে আসা খভিচা কাভারাতস্কেলিয়া বক্সে থাকা উসমান দেম্বেলের দিকে বল বাড়ান। কোনো ভুল না করে জোরালো শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধের মাঝামাঝি সময় পেনাল্টির জোরালো দাবি তোলে বায়ার্ন। গোলরক্ষক মাতভেই সাফোনভের দুর্বল পাঞ্চের পর ভিতিনিয়ার ক্লিয়ারেন্স গিয়ে লাগে সতীর্থ জোয়াও নেভেসের হাতে। যদিও বলটি সতীর্থের পা থেকেই আসায় হ্যান্ডবলের সিদ্ধান্ত দেননি রেফারি। এতে ক্ষোভে ফেটে পড়ে স্বাগতিক শিবির।শুরুর সেই গোলেই যেন দুই লেগের ব্যবধান আরও কঠিন হয়ে যায় বায়ার্নের জন্য। তবে জার্মান ক্লাবটি হাল ছাড়েনি। মাঝমাঠ ও আক্রমণে চাপ বাড়ালেও আগের ম্যাচের মতো ধারালো হয়ে উঠতে পারেনি তারা।