নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মে ২০২৬ রাত ০৮:০০:২৬
বিশ্বকাপে খেলবে ইরান
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অবশেষে অনিশ্চয়তা কাটল। আজ (শনিবার) ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের জাতীয় দল আসন্ন বিশ্বকাপে খেলবে। কিন্তু চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে তাদের শর্তাবলিতে সম্মত হওয়ার দাবি জানিয়েছে। গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরানের ফেডারেশন প্রধানকে ঢুকতে বাধা দিয়েছিল কানাডা। তারপরই এমন শর্ত দিলো ইরান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন চালালে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ ঘিরে তৈরি হয় ঘোরতর অনিশ্চয়তা। ইরানিয়ান ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, ‘আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেবো। কিন্তু আয়োজকদের আমাদের উদ্বেগগুলোও বিবেচনায় আনতে হবে।’তারা আরও বলেছে, ‘আমরা বিশ্বকাপে অংশ নেবো, কিন্তু আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় প্রত্যয় থেকে এতটুকু বিচ্যুত না হয়ে।’ ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মাহদি তাজ রাষ্ট্রায়ত্ত টিভিকে গতকাল জানান, বিশ্বকাপে অংশ নিতে ১০টি শর্ত দিয়েছে তারা। দেশটির প্রতি তাদের সদাচরণের আশ্বাস চেয়েছেন তিনি।